EN ☀️
×

Follow Us

শিক্ষা

মাভাবিপ্রবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

ডেইলি সান রিপোর্ট, মাভাবিপ্রবি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

মাভাবিপ্রবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

ছবি: সংগৃহীত

অ অ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর ত্বরান্বিতকরণ প্রকল্পের (হিট) আওতায় উপ-প্রকল্প দলের সদস্যদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সেমিনার হলে এ প্রশিক্ষণ শুরু হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে বিভিন্ন উপ-প্রকল্পের সদস্য ও এটিএফসহ মোট ৩০ জন অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ও মূল আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ও হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল। অনুষ্ঠান পরিচালনা করেন বিএমবি বিভাগের অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, প্রকল্পের দায়িত্বে থাকা ব্যক্তিদের সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন জরুরি। প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যবহার, সরকারি আর্থিক বিধিবিধান অনুসরণ এবং ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকার ওপরও তিনি গুরুত্ব দেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ উপ-প্রকল্প বাস্তবায়নে কাজে লাগাতে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। 

বিশেষ অতিথি অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, প্রকল্পের লক্ষ্য অর্জনে পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনা জরুরি। বাজেট অনুযায়ী ব্যয়, নিরীক্ষা-সংক্রান্ত নথি হালনাগাদ, নিয়ম মেনে হিসাব সংরক্ষণ এবং যথাযথভাবে বিল-ভাউচার প্রস্তুত করতে হবে। আর্থিক ব্যবস্থাপনার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে প্রকল্প বাস্তবায়নে অনাকাঙ্ক্ষিত জটিলতা কমবে এবং কাজের মান বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন হিট প্রকল্পের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান। তিনি প্রকল্পের আর্থিক চুক্তি, ডাবল এন্ট্রি হিসাব পদ্ধতি এবং উপ-প্রকল্পের তহবিল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া উন্নয়নকাজে আর্থিক ক্ষমতা অর্পণসংক্রান্ত ২০২৬ সালের বিধান, সরকারি ক্রয়বিধি (পিপিআর) ২০২৫ অনুযায়ী সম্মানী প্রদান, বিল পরিশোধের বিভিন্ন সমস্যা এবং নগদ ক্রয়, আরএফকিউ ও ওটিএম পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেন।

দিনব্যাপী প্রশিক্ষণে ২০২৬–২০২৭ অর্থবছরের মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর, বাস্তবায়নসংক্রান্ত সমস্যা সমাধানে ফাইল নোট প্রস্তুত, বাজেট ও ভাউচার রেজিস্টার সংরক্ষণ, ডেবিট-ক্রেডিট ও জার্নাল ভাউচার তৈরি এবং ক্যাশবুক ও লেজার সংরক্ষণের মতো বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও প্রশাসনিক জটিলতা নিয়ে উন্মুক্ত আলোচনার সুযোগ রাখা হয়।

প্রশিক্ষণের লক্ষ্য ছিল উপ-প্রকল্প দলের সদস্যদের আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞান ও দক্ষতা বাড়ানো এবং প্রকল্পের অর্থ ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি বিধিবিধানের যথাযথ অনুসরণ নিশ্চিত করা।

আরও পড়ুন